কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ২০ থেকে ২৫টি হিন্দু পরিবারের চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক ও দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ কবির। এ সময় তিনি বন্ধ করে দেওয়া রাস্তার বাঁশের বেড়া সরিয়ে দেন।
আজ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলেন আসিফ কবির। পরে তাদের চলাচলের সুবিধার্থে রাস্তার ওপর নির্মিত বাঁশের বেড়াটি তুলে ফেলা হয়। এতে দীর্ঘদিনের চলাচল সমস্যার সাময়িক সমাধান হয়েছে বলে জানান স্থানীয়রা।
এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আনিসুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাস্তা বন্ধ থাকায় নারী, শিশু ও বয়স্কদের পাশাপাশি স্কুলগামী শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছিল। বেড়া অপসারণ করায় তারা স্বাভাবিকভাবে চলাচলের সুযোগ পেয়েছেন।
আসিফ কবির বলেন, “মানুষের চলাচলের রাস্তা কোনোভাবেই বন্ধ করে রাখা উচিত নয়। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসে ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলেছি এবং বন্ধ রাস্তার বেড়া সরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছি। কোনো বিরোধ থাকলে তা আইনগত ও শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে।
তবে রাস্তা নিয়ে মূল বিরোধের স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের মাধ্যমে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।