সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের দেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতি দিতে আয়োজিত ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিট্যান্টস রিকগনিশন-২০২৬’ অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পেয়েছেন কুমিল্লার দাউদকান্দির কৃতি সন্তান মোহাম্মদ বাবুল খন্দকার।
দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে ভূমিকা রাখায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
দৈনিক বণিক বার্তার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে থ্যাকরাল, প্রাইম ব্যাংক, অগ্রণী ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের সংশ্লিষ্টতা ছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ সময় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধান, তাঁদের কল্যাণ নিশ্চিত করা এবং প্রবাসীদের সঙ্গে সরকারের যোগাযোগ আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
দাউদকান্দির সন্তান মোহাম্মদ বাবুল খন্দকারের এ স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, এটি দাউদকান্দির প্রবাসী বাংলাদেশিদের জন্যও গর্বের বিষয়।
প্রবাসে কঠোর পরিশ্রম করে কষ্টার্জিত অর্থ বৈধ পথে দেশে পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন লাখো বাংলাদেশি। তাঁদের এই অবদান দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি পরিবার ও সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রবাসীদের এই অবদানকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আরও উৎসাহিত হবেন বাংলাদেশিরা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।