কুমিল্লার দাউদকান্দিতে মোটরসাইকেলের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ ঘটনায় রুবেল ভূঁইয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি এফজেডএস মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে দাউদকান্দি-মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিঃ) কমল কৃষ্ণ সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে দিবাকালীন বিশেষ ডিউটি পালন করছিলেন। এ সময় চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি এফজেডএস মোটরসাইকেলের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোটরসাইকেলটির চালক রুবেল ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি নরসিংদী জেলার মাধবদী থানার খিজিরকান্দি এলাকার মো. সেলিমের ছেলে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেলসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।