বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
দাউদকান্দী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ আহমেদ-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাতৃদুগ্ধের বিকল্প খাদ্য (বিএমএস)-এর যথেচ্ছ প্রচার, প্রদর্শন, পরিবেশন ও খোলামেলাভাবে বিক্রয় রোধে অভিযান চালানো হয়।
মাতৃদুগ্ধের বিকল্প খাদ্য (বিপণন নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং বিধিমালা, ২০১৭ অনুযায়ী পরিচালিত মোবাইল কোর্টে বিভিন্ন দোকান ও বিপণনকেন্দ্র পরিদর্শন করা হয়। এ সময় মাতৃদুগ্ধের বিকল্প খাদ্যের বিধিবহির্ভূত প্রচার ও প্রদর্শনের প্রমাণ পাওয়ায় তিনটি দোকানকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন দাউদকান্দী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, এমওডিসি ডা. মেহেদী হাসান, দাউদকান্দী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. কামরুজ্জামান, দাউদকান্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।
অভিযান শেষে কর্মকর্তারা বলেন, মায়ের দুধ শিশুর সর্বোত্তম পুষ্টি। মাতৃদুগ্ধের বিকল্প খাদ্যের অনিয়ন্ত্রিত প্রচার বন্ধে সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলতে হবে। পাশাপাশি সুস্থ শিশুর জন্য নিরাপদ ও যথাযথ মাতৃদুগ্ধপান নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।