কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে ইলেকট্রিক পরিবেশক ঐক্য পরিষদের উদ্যোগে শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন সরকার, গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েশা আক্তার এবং গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলেকট্রিক পরিবেশক ঐক্য পরিষদের সভাপতি মোঃ আঃ রাজ্জাক। অনুষ্ঠানে উল্লেখযোগ্য বক্তা হিসেবে বক্তব্য দেন মোশারফ হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন তিতাস উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ফাহিম সরকার ও মোঃ আজহারুল ইসলাম।
সভায় গৌরীপুর বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারের নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে বাজারের যানজট নিরসন, ক্রমবর্ধমান চুরি-ডাকাতি প্রতিরোধ, ব্যবসায়ীদের নিরাপত্তা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে করণীয় বিষয়ে অতিথিরা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, ব্যবসায়ী, প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে গৌরীপুর বাজারকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক বাজার হিসেবে গড়ে তোলা সম্ভব। বাজারে যাতে কোনো ধরনের চুরি, ছিনতাই বা ডাকাতির ঘটনা না ঘটে এবং ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে বিষয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় সংগঠনের সদস্য, গৌরীপুর বাজারের ইলেকট্রিক ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সুরমা ইলেকট্রিক-এর পক্ষ থেকে উপস্থিত অতিথিদের জন্য আকর্ষণীয় র্যাফেল ড্র-এর আয়োজন করা হয়।