মোঃ শাহজাহান বাশার
নড়াইল সদর উপজেলায় ৯০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রোববার (২৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন— মো. রাজু শেখ (৩৬) ও রিক্তা খানম (৩০)।
মো. রাজু শেখ কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. ইউসুফ শেখের ছেলে এবং রিক্তা খানম সমেরখোলা গ্রামের মৃত বাবুল মোল্যার মেয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রোববার বিকেলে নড়াইল সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের নাজিম ফকিরের বাড়িতে অভিযান চালান ডিএনসির সদস্যরা। ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন রাজু শেখ ও রিক্তা খানম।
অভিযানের সময় তাদের হেফাজতে নিয়ে ভাড়া ঘরে তল্লাশি চালানো হয়।
এ সময় ঘর থেকে ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৭ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
পরে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দের ঘটনায় ওই দম্পতিকে গ্রেফতার করা হয়।
নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক গোলক মজুমদার জানান, গ্রেফতারদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।