বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে সরকার সম্পূর্ণ সচেতন এবং এ লক্ষ্যে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আইনমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে বর্তমান সরকার আন্তরিক এবং এই প্রক্রিয়া বাস্তবায়নে ইতোমধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, এর আগে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য একটি কমিটি গঠন করেছিল। সেই কমিটির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী কোনো হত্যা মামলা প্রত্যাহার করা হয়নি।
বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে আইনমন্ত্রী বলেন, গত ৫ মার্চ ২০২৬ তারিখে জেলা পর্যায়ে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। জেলা প্রশাসকের সমন্বয়ে গঠিত এই কমিটি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ প্রদান করছে।
এর ধারাবাহিকতায় ৮ মার্চ ২০২৬ তারিখে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এই কেন্দ্রীয় কমিটি জেলা কমিটির কাছ থেকে প্রাপ্ত সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করছে এবং মামলা প্রত্যাহারের কার্যক্রম অব্যাহত রেখেছে।
আইনমন্ত্রী আরও বলেন, সংসদ সদস্যসহ যে কোনো ব্যক্তির বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করা হলে তা জেলা ও কেন্দ্রীয় কমিটি পর্যালোচনা করবে। পর্যালোচনায় কোনো মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতীয়মান হলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত হয়রানিমূলক মামলার শিকার ব্যক্তিদের প্রতিকার দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে কার্যক্রম অব্যাহত থাকবে।