কুমিল্লার দাউদকান্দিতে মাদকের ভয়াবহতা তুলে ধরে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার কালাসাধারদিয়া নতুন বাজার মাঠে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দাউদকান্দি নাগরিক ফোরামের উদ্যোগে এবং বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরামের আয়োজনে ‘মাদকের ভয়াবহতা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।
দাউদকান্দি নাগরিক ফোরামের সভাপতি নুরআলম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারি ও সাংবাদিক শরীফ প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিটেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান, সংগঠনের উপদেষ্টা শাহীন আহাম্মেদ চৌধুরী, শরীফুল ইসলাম ভূঁইয়া, তাফাজ্জল হোসেন সরকার ও মাজহারুল ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। এর ক্ষতিকর প্রভাব থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে। মাদকের বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, বরং জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, অভিভাবক ও সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সেমিনারে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।