মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক বিয়ের অনুষ্ঠানে বন্ধুরা বরকে হারিকেন উপহার দিয়েছেন। বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদ জানাতে এই ব্যতিক্রমী উপহার দেওয়া হয় বলে জানা গেছে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ঘটনাটি ঘটে উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি গ্রামে। স্থানীয় বাসিন্দা ও মুদিদোকানি রাজু আহমদ ২৭ এপ্রিল একই এলাকার এক তরুণীকে বিয়ে করেন। বিয়ের অনুষ্ঠানে তাঁর দুই বন্ধু রুয়েল আহমদ ও সুলতান আহমদ হারিকেন উপহার দেন।
ভিডিওতে দেখা যায়, বিয়ের মঞ্চে কয়েকজন যুবক বরের হাতে হারিকেন তুলে দিচ্ছেন। তাদের মধ্যে দুজন জানান, এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংকট চলছে। এই পরিস্থিতির প্রতিবাদ হিসেবেই তারা হারিকেন উপহার দিয়েছেন। হারিকেনের গায়ে রুয়েল আহমদ ও সুলতান আহমদের নাম লেখা ছিল।
এ বিষয়ে কথা বলতে রুয়েল আহমদ ও সুলতান আহমদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন নম্বর পাওয়া যায়নি। তবে তাদের বন্ধু ইবাদুর রহমান বিষয়টি নিয়ে বক্তব্য দেন। তিনি পূর্ব ফটিগুলি গ্রামের বাসিন্দা এবং একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।
ইবাদুর রহমান জানান, এলাকায় কয়েকদিন ধরে লোডশেডিং বেড়ে গেছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এতে মোবাইল চার্জ, ব্যবসা এবং দৈনন্দিন কাজকর্মে সমস্যা হচ্ছে। এসএসসি ও দাখিল পরীক্ষার সময় শিক্ষার্থীরাও পড়াশোনায় সমস্যায় পড়ছে। কয়েক দিন আগে টানা প্রায় ৩৮ ঘণ্টা বিদ্যুৎ না থাকার ঘটনাও ঘটে।
তিনি বলেন, এসব সমস্যার প্রতিবাদ জানাতেই বন্ধুরা বিয়ের অনুষ্ঠানে বরকে হারিকেন উপহার দিয়েছে। এটি ছিল প্রতীকী প্রতিবাদ।
বর রাজু আহমদ বলেন, বিয়ের দিন এবং আগের দিন বিদ্যুৎ সংকটে অনেক ভোগান্তি হয়েছে। তিনি বন্ধুদের এই উপহার গ্রহণ করেছেন এবং এটিকে সময়োপযোগী বলে মনে করেছেন। তবে তিনি জানান, হারিকেন জ্বালানোর জন্য কেরোসিন পাওয়া যায়নি।
এদিকে এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ সমিতির কুলাউড়া সাব জোনাল কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন জানান, রবিরবাজার উপকেন্দ্রের দৈনিক চাহিদা প্রায় সাড়ে ৮ থেকে ৯ মেগাওয়াট। সেখানে গড়ে মাত্র সাড়ে ৩ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। এ কারণেই লোডশেডিং হচ্ছে।
তিনি আরও দাবি করেন, কর্মধা এলাকায় গত তিন দিন ধরে লোডশেডিং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে।
মোঃ শাহরিয়া। বিশেষ প্রতিনিধি