আসন্ন দাউদকান্দি উপজেলা বিএনপির কমিটি গঠনকে ঘিরে দলটির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা-পর্যালোচনা শুরু হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি পদে দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতা আবুল হাশেম চেয়ারম্যানকে দেখতে চান বলে মত প্রকাশ করেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।
দলীয় সূত্রে জানা যায়, আবুল হাশেম চেয়ারম্যান ২০০৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টানা ১৫ বছর দাউদকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নেতাকর্মীদের মতে, দেশের রাজনৈতিক অস্থির সময় এবং বিএনপির দুঃসময়ে দাউদকান্দিতে সংগঠনকে সক্রিয় ও সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আবুল হাশেম চেয়ারম্যান। মামলা-হামলা, দমন-পীড়ন এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি নেতাকর্মীদের পাশে থেকে দলীয় কর্মসূচি বাস্তবায়নে কাজ করে গেছেন।
তাদের দাবি, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা চাপ ও প্রলোভনের মুখোমুখি হলেও তিনি দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার কারণে উপজেলা বিএনপির সভাপতি পদে তিনি একজন যোগ্য প্রার্থী।
তৃণমূল নেতাকর্মীরা মনে করেন, আসন্ন কমিটি গঠনের ক্ষেত্রে এমন নেতৃত্বকে মূল্যায়ন করা উচিত, যিনি দুঃসময়ে দলের পাশে ছিলেন, নেতাকর্মীদের সুখ-দুঃখে অংশ নিয়েছেন এবং সংগঠনের স্বার্থকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রেখেছেন। তাদের বিশ্বাস, পরীক্ষিত ও ত্যাগী নেতৃত্বের মাধ্যমে দাউদকান্দি উপজেলা বিএনপি আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে।