দীর্ঘ এক মাস পার হলেও কুমিল্লার দাউদকান্দিতে অটোচালক কিশোর রিফাত হত্যা মামলার আসামিদের গ্রেফতার করতে না পারায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
আজ দাউদকান্দি পৌরসভার উত্তর নছরুদ্দিন এলাকায় নিহত রিফাতের বাড়ির সামনে এ মানববন্ধনের আয়োজন করে ৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, নির্মম হত্যাকাণ্ডের এক মাস পার হয়ে গেলেও এখনো জড়িতদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দাউদকান্দি উপজেলার জিংলাতলি ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামনগর সংযোগ সেতুর নিচের খাল থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে মরদেহটির পরিচয় শনাক্ত করা না গেলেও পরে পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত করে। নিহত রিফাত (১৩) দাউদকান্দি পৌরসভার উত্তর নছরুদ্দিন এলাকার বাসিন্দা। তার বাবা মো. হাসান ও মা সুমি বেগম।
গৌরীপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মিনহাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।
দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এহসানুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাইয়ের পর রিফাতকে হত্যা করে মরদেহ খালে ফেলে যায়।
মানববন্ধনে এলাকাবাসী দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।