মোঃ শাহজাহান বাশার 

কুমিল্লার বুড়িচং উপজেলায় দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ জুন) রাতে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কনস্টেবল মো. ফোরকান বুড়িচং থানার অধীনস্থ দেবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন। হামলার পর তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকায় ইকবাল হোসেনের বাড়িতে সংঘর্ষের ঘটনায় একটি অভিযোগ পাওয়ার পর তদন্তে যায় দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ শুরু করলে অভিযুক্ত ইকবাল হোসেন তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

একপর্যায়ে কনস্টেবল ফোরকানকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। সঙ্গে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

ঘটনার খবর পেয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে।

বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।”

দায়িত্ব পালনরত পুলিশ সদস্যের ওপর এ ধরনের হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।