কুমিল্লার কোতয়ালী মডেল থানার অভিযানে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১২০০ পুড়িয়া হিরোইনসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ১৩ এপ্রিল ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কোতয়ালী মডেল থানার এসআই কুতুবউদ্দিনের নেতৃত্বে একটি টিম থানাধীন ০২ নম্বর উত্তর দুর্গাপুর ইউনিয়নের আমতলী এলাকায় হোটেল তিতাস আবাসিকের সামনে চট্টগ্রামগামী মহাসড়কে অবস্থান নেয়। এ সময় ঢাকা মেট্রো-ব-১২-৪২৫১ নম্বরের একটি এশিয়া এয়ারকন বাস সেখানে পৌঁছালে পুলিশ সেটিকে থামানোর সংকেত দেয়। বাসটি থামার পর চালক ও সুপারভাইজারকে সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় বাসে থাকা কয়েকজন যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৬ জনকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোঃ গোলাম রহমান (২৭), মোঃ মাহবুব (২৩), মোঃ আবু সাকিব অনু (২৫), মোঃ আইমান ইসলাম ওরফে ফাহিম (২৮), নিলয় সাহা ওরফে দ্বীপ সাহা (২৫) এবং মোঃ মেহরাব আলম ওরফে অপি (২৮)। তারা সবাই কোতয়ালী মডেল থানা এলাকার বিভিন্ন স্থানের বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১২০০ পুড়িয়া হিরোইন উদ্ধার করা হয়। জব্দ করা হিরোইনের পলিথিন ও কাগজসহ মোট ওজন ৮৭৫ গ্রাম। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইন অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
MD.SHAHRIYA