পরিবেশ সংরক্ষণ, শিক্ষার প্রসার ও পরিচ্ছন্ন সমাজ গঠনের লক্ষ্যে কুমিল্লার দেবিদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচি, বই বিতরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে দেবিদ্বার জাগুয়ার মুক্ত স্কাউট গ্রুপ। এসব কর্মসূচিতে প্রায় ১০০ জন স্কাউট, কাব ও রোভার সদস্য অংশগ্রহণ করেন।
শুক্রবার (২৩ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার জাগুয়ার মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার নুরুজ্জামান, কোষাধ্যক্ষ কাজী মোহাম্মদ সাগর হোসেন, কাব লিডার ফাতেমা পান্না, রোভার সদস্য ইকরামুল, সিয়াম ও রিফাত এবং স্কাউট সদস্য আরিফা আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্য।
কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি বই বিতরণের মাধ্যমে শিক্ষার প্রসার এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মধ্য দিয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।
আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। স্কাউটিংয়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তরুণ প্রজন্মকে মানবসেবা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরিবেশবান্ধব সমাজ গঠন, শিক্ষার প্রসার এবং পরিচ্ছন্ন দেবিদ্বার গড়ে তোলার প্রত্যয়ে এ কর্মসূচি স্থানীয় পর্যায়ে ইতিবাচক সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।