কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের হুড়ারপাড় গ্রামের গেদু মেম্বার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সহোদর ভাইয়ের মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। মৃত দুই ভাই হলেন হুড়ারপাড় গ্রামের গেদু মেম্বার বাড়ির মরহুম আসকর আলীর ছেলে জয়নাল আবেদীন জনু (৭০) ও তাঁর বড় ভাই আব্দুল জলিল (৯০)।পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান বড় ভাই আব্দুল জলিল। তাঁর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই দেড় ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে মারা যান ছোট ভাই জয়নাল আবেদীন জনু।
‎
‎অল্প সময়ের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। একই সঙ্গে খবরটি ছড়িয়ে পড়লে হুড়ারপাড় গ্রামজুড়ে শোকের আবহ তৈরি হয়। স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনেরা বাড়িতে ছুটে আসেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। পরিবারের সদস্যরা জানান, দুই ভাইয়ের এমন অল্প সময়ের ব্যবধানে মৃত্যু তাঁদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। একজনের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই আরেক ভাইয়ের মৃত্যুর খবর পরিবারকে আরও বেশি শোকাহত করে তোলে।পরদিন বুধবার (৭ অক্টোবর) দুপুরে দুই ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়। জানাজা ও দাফনে পরিবারের সদস্য ও স্বজনদের পাশাপাশি স্থানীয় লোকজনও অংশ নেন।
‎
‎স্থানীয়রা জানান, দীর্ঘদিনের পরিচিত দুই ভাইয়ের এমন অল্প সময়ের ব্যবধানে মৃত্যুতে পুরো পরিবার গভীরভাবে শোকাহত হয়ে পড়েছে। জানাজা ও দাফনের সময় উপস্থিত অনেক স্বজন ও এলাকাবাসীকে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে মরহুম জয়নাল আবেদীন জনু ও আব্দুল জলিলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন তাঁরা।
‎
‎প্রতিবেদক: শাহরিয়া সিকদার