মোঃ শাহজাহান বাশার
নোয়াখালীতে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ উপলক্ষে ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) নোয়াখালী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের অধস্তন পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কনস্টেবল থেকে নায়েক/এটিএসআই এবং নায়েক থেকে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি প্রত্যাশী পরীক্ষার্থীরা অংশ নেন।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে পরীক্ষাটি পরিদর্শন করেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। এ সময় তিনি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বিধি অনুযায়ী পরীক্ষার্থীদের ক্যাম্প অনুশীলন পরিদর্শন করেন এবং পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), নোয়াখালী আহমেদ পেয়ার এবং সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল), চাঁদপুর মো. আব্দুল হাই চৌধুরী।

পুলিশ সূত্রে জানা যায়, বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে সংশ্লিষ্ট পদে পদোন্নতি প্রত্যাশী পুলিশ সদস্যদের দক্ষতা, শারীরিক সক্ষমতা ও পেশাগত প্রশিক্ষণের বিভিন্ন দিক যাচাই করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা অনুষ্ঠিত হয়।