মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
সাংবাদিকদের চাকরি ও জীবিকার নিশ্চয়তা নিশ্চিত করা না গেলে মানসম্মত সাংবাদিকতা পাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সাংবাদিকদের পেশাগত ও আর্থিক নিরাপত্তার বিষয়টি বাস্তব সমস্যা হিসেবে বিবেচনা করছে সরকার। গণমাধ্যমের সংকট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে এবং সাংবাদিকদের সুযোগ-সুবিধার বিষয়েও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বেসরকারি সংবাদপত্র ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং নবম ও দশম ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, সাংবাদিকদের বিষয়টি ‘রিয়েল প্রবলেম’। বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াসহ গণমাধ্যমের নানা সংকট রয়েছে। এসব বিষয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।
ব্রিফিংয়ে সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়, অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়নের পর নবম ওয়েজ বোর্ড নিয়ে আলোচনা হলেও সেটির বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা রয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের জীবনযাত্রার ব্যয় ও পেশাগত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে দশম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিও দীর্ঘদিনের।
এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে নবম ও দশম ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হয়।
জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, “অবশ্যই বাস্তবায়ন। আমি আপনার সঙ্গে দ্বিমত করছি না।”
নবম ও দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন করা হবে কি না—এমন সরাসরি প্রশ্নের জবাবে তিনি বলেন, “একসঙ্গে হবে।”
সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এ ঘোষণা বাস্তবায়িত হলে বেসরকারি সংবাদপত্র ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ তৈরি হবে। একই সঙ্গে সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, নিয়মিত বেতন-ভাতা, পেশাগত মর্যাদা ও জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি আরও জোরালো হবে।
গণমাধ্যম সংশ্লিষ্টদের মতে, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ চাকরির অনিশ্চয়তা ও আর্থিক সংকট থাকলে সাংবাদিকদের কাছ থেকে স্বাধীন, নিরপেক্ষ ও পেশাদার সাংবাদিকতা প্রত্যাশা করা কঠিন। ফলে ওয়েজ বোর্ড বাস্তবায়নের পাশাপাশি সাংবাদিকদের চাকরি ও জীবিকার নিশ্চয়তা নিশ্চিত করাও এখন বড় চ্যালেঞ্জ।