কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য, একটি ধর্ষণ মামলার এক আসামি এবং একটি চুরি মামলার এক আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) দাউদকান্দি মডেল থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় থানা পুলিশের একাধিক টিম পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে এসআই (নিঃ) আব্দুল আজিজ, এসআই (নিঃ) আবু বাকার সিদ্দিক ও সঙ্গীয় ফোর্স ২৮ জুলাই রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দাউদকান্দি পৌরসভা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ও এজাহারভুক্ত আসামি পিএস মো. সানি হাসান (৪০)-কে গ্রেপ্তার করেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও রয়েছে।

এছাড়া একই দিন রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে এসআই (নিঃ) আজিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মালিগাঁও এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি রমজান (২৯)-কে গ্রেপ্তার করেন।

অপরদিকে, রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে এসআই (নিঃ) মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে চুরি মামলার এজাহারভুক্ত আসামি মো. রিপন (৩১)-কে গ্রেপ্তার করেন।

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।