মোঃ শাহজাহান বাশার 
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সোয়া ১১টায় বঙ্গভবনে পৌঁছে তিনি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাঁর দায়িত্ব পালন শুরু করেন।

বঙ্গভবনের প্রধান ফটক-২-এ পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে স্বাগত জানায় এবং গার্ড অব অনার প্রদানের স্থানে নিয়ে যায়। পরে পিজিআরের একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম অক্টাগনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে তিনি তাঁর কার্যালয়ে গিয়ে বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগের সচিব বঙ্গভবনের প্রশাসনিক কার্যক্রম, দাপ্তরিক দায়িত্ব এবং চলমান বিভিন্ন বিষয় সম্পর্কে তাঁকে অবহিত করেন।

দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে এটিই ছিল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের প্রথম আনুষ্ঠানিক কার্যদিবস। সংশ্লিষ্টরা আশা করছেন, সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনায় তিনি সক্রিয় ভূমিকা রাখবেন।