কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে হত্যা মামলার এক আসামি, ৪৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি, চুরি মামলার দুই আসামি এবং আত্মহত্যায় প্ররোচনার মামলার এক আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দাউদকান্দি মডেল থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম-এর সার্বিক নির্দেশনায় থানা পুলিশের বিভিন্ন টিম উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেপ্তার করে।

অভিযানের অংশ হিসেবে এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. মনির হোসেন সওদাগর (৪৮)-কে গ্রেপ্তার করেন।

অন্যদিকে, এসআই আবু বাকার গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি পৌরসভার সবজিকান্দি এলাকা থেকে মহিউদ্দিন (২২)-কে ২০ পিস ইয়াবাসহ আটক করেন। একই দিনে এসআই মিনহাজুল ইসলাম গৌরীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আল আমিন (২৮)-কে ২৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে মোট ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া এসআই মনির হোসেনের নেতৃত্বে বিটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত চুরি মামলার দুই আসামি লোকমান গুলজার (২৫) ও মো. হালিম (৩৭)-কে গ্রেপ্তার করা হয়।

একই দিনে এসআই কমল কৃষ্ণ উত্তর গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে আত্মহত্যায় প্ররোচনার মামলার আসামি মো. লিটন দেওয়ান (৪০)-কে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে দাউদকান্দি মডেল থানা পুলিশ জানিয়েছে।