বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা উত্তর জেলা শাখার নতুন আহ্বায়ক হিসেবে আবুল হাসেম চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ৮ সদস্যবিশিষ্ট একটি আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।
রবিবার (১৩ জুলাই ২০২৬) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ মে ২০২২ তারিখে অনুমোদিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আখলাকুজ্জামান সরকার ও সদস্য সচিব এ কে এম তারেকের নেতৃত্বাধীন ৪১ সদস্যবিশিষ্ট কমিটি বিলুপ্ত করা হয়েছে। এর পরিবর্তে আবুল হাসেম চেয়ারম্যানকে আহ্বায়ক এবং সাতজনকে যুগ্ম আহ্বায়ক করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সৈয়দ তৌফিক আহমেদ মীর, আলমাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল হাসান মুনী, ওসমান গনি ভূঁইয়া এবং সুফিয়া খাতুন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় বিএনপির অনুমোদনক্রমে গঠিত এ আংশিক আহ্বায়ক কমিটির মাধ্যমে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে দলীয় সূত্রে আশা প্রকাশ করা হয়েছে।