উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), দাউদকান্দির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহরীন আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাশেম,দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মামুন হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন মাহমুদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. টিপু সুলতান।

বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি হচ্ছে পল্লী উন্নয়ন। সমবায়ভিত্তিক কার্যক্রম জোরদার, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব উদ্যোগকে আরও গতিশীল করতে সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমবায় সংগঠনের প্রতিনিধি, সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।