কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে সাংবাদিক মনির হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্যরা। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে মনির হোসেনকে মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছে এবং বর্তমানে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।
শনিবার (২০ জুন) গৌরীপুরের সুফি কিচেন রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মনির হোসেনের স্ত্রী হাসনা আক্তার, বোন শাহিনা বেগম এবং স্থানীয় ব্যবসায়ী ও মার্কেট মালিকের ছেলে দুলাল চৌধুরী।
সংবাদ সম্মেলনে শাহিনা বেগম বলেন, তার ভাই কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। তাকে অন্যায়ভাবে মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছে। পরিবারের একমাত্র পুরুষ সদস্য কারাগারে থাকায় তারা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকির মধ্যে রয়েছেন। এ কারণে পরিবারের সন্তানদের লেখাপড়াও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং তারা স্বাভাবিকভাবে পরীক্ষায় অংশ নিতে পারছে না।
মনির হোসেনের স্ত্রী হাসনা আক্তার বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, বিভিন্ন অনিয়ম ও সামাজিক অপরাধ নিয়ে সংবাদ প্রকাশ করে আসছিলেন। এসব কর্মকাণ্ডে ক্ষুব্ধ একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মিথ্যা মামলায় জড়িয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি প্রশাসনের কাছে মামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, প্রকৃত ঘটনা উদঘাটন করে একজন নির্দোষ সাংবাদিকের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।
বক্তারা আরও অভিযোগ করেন, মনির হোসেনের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। তারা পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, মামলার নিরপেক্ষ তদন্ত এবং সাংবাদিক মনির হোসেনের দ্রুত মুক্তির জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।