কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের দিগীরপাড় এলাকার কৃশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় শপথ গ্রহণের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার শুরুতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শৃঙ্খলা, সততা ও খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রাখার শপথ গ্রহণ করে। পরে শিশুদের অংশগ্রহণে দৌড় প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে অংশ নেয়।

জানা যায়, ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের মোট ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও শিশুদের সুস্থ বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান প্রজন্মকে মাদক ও প্রযুক্তির নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিশুদের মেধা, মনন ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মোঃ শাহরিয়া। বিশেষ প্রতিনিধি