কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

শনিবার (৯ মে) দাউদকান্দি মডেল থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মোঃ আঃ বারীর দিকনির্দেশনায় এসআই (নিঃ) তানভীর আহমেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ১১টার দিকে দাউদকান্দি বাজার এলাকায় ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, দোনারচর এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাত ১১টা ৪০ মিনিটে দাউদকান্দি বাজার থেকে বাস কাউন্টারগামী সড়কের পাশে নাজমা ভিলার সামনে পাকা রাস্তার উপর থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি নিজেকে মোঃ সেন্টু (৪০) বলে পরিচয় দেন। তিনি দোনারচর এলাকার আব্দুল কাদিরের ছেলে। এসময় তার হাতে থাকা একটি লাল রঙের শপিং ব্যাগ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।