চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা-এ ইতিহাস গড়েছেন কুমিল্লার হোমনা উপজেলার মণিপুর গ্রামের কৃতি সন্তান বাঘা শরীফ। শক্তি, কৌশল ও অভিজ্ঞতার অসাধারণ প্রদর্শনীতে তিনি টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক শিরোপা জিতে নেন।
প্রতিযোগিতার শুরু থেকেই দাপট দেখান বাঘা শরীফ। একের পর এক শক্ত প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে ফাইনালে নিজের আধিপত্য বজায় রাখেন তিনি। ফাইনাল লড়াইয়েও প্রতিপক্ষকে পরাস্ত করে দর্শকদের করতালির মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি নিজের করে নেন।
জব্বারের বলি খেলা চট্টগ্রামের শতবর্ষী ঐতিহ্যের অন্যতম বড় আয়োজন, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বলিয়ারা অংশ নেন। প্রতি বছরের মতো এবারও হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।
বাঘা শরীফের এই টানা তৃতীয় শিরোপা জয়কে ঘিরে তার নিজ এলাকা হোমনা উপজেলায় আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে ঘিরে চলছে ব্যাপক প্রশংসা, অনেকেই তার এই সাফল্যকে জেলার জন্য গর্বের বলে উল্লেখ করেছেন।
স্থানীয়দের মতে, বাঘা শরীফ শুধু একজন ক্রীড়াবিদই নন, তিনি এখন তরুণদের জন্য অনুপ্রেরণার প্রতীক। তার এই ধারাবাহিক সাফল্য আগামী দিনেও অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা সবার।