ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-রাধিকা সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ছাত্রদলের দুই কর্মী। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, যাদের মধ্যে একজন ছাত্রদল নেতা রয়েছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নারুই এলাকার ব্রীজসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শ্রীরামপুর ইউনিয়নের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬) এবং শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (৩২)। আহতদের মধ্যে রয়েছেন ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত রিমন। অপর দুই আহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, নারুই ব্রীজের সামনে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে উভয় বাইকের পাঁচ আরোহী সড়কে ছিটকে পড়েন। পরে আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠায়।

জেলা ছাত্রদলের সভাপতি শাহীনূর রহমান শাহীন ও সদস্যসচিব সমীর চক্রবর্তী জানান, নিহত দুজন তাদের সংগঠনের কর্মী এবং আহত ইয়াছিন আরাফাত রিমনও দলের সক্রিয় সদস্য।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. সিফাত বলেন, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে।