কুমিল্লার সদর উপজেলায় দ্বিতীয় বিয়েতে যাওয়ার পথে প্রথম স্ত্রীর কবর জিয়ারত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন রিয়াদ নামের এক ব্যক্তি। এ সময় তিনি অঝোরে কান্নায় ভেঙে পড়েন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
‎শনিবার, ১৮ এপ্রিল উপজেলার বালুতুপা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সেদিন বর সাজে দ্বিতীয় বিয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা হন রিয়াদ। পথে একটি কবরস্থানের সামনে এসে তিনি গাড়ি থামান। এরপর একমাত্র কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে প্রথম স্ত্রীর কবর জিয়ারত করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, কবরের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে গাড়িতে ফিরে গেলেও তার কান্না থামেনি। পুরো ঘটনাটি উপস্থিত কেউ একজন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। স্থানীয়রা জানান, রিয়াদের প্রথম স্ত্রী ২০২৩ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। স্ত্রীর মৃত্যুর পর দীর্ঘদিন একা ছিলেন তিনি। পরে পারিবারিক সিদ্ধান্তে দ্বিতীয় বিয়েতে সম্মতি দেন।
‎স্থানীয় বাসিন্দা মন্টি বলেন, নতুন জীবনে পা রাখার আগে পুরোনো সম্পর্কের প্রতি এমন সম্মান দেখানোর দৃশ্যটি ছিল অত্যন্ত আবেগঘন। এটি অনেকের হৃদয় স্পর্শ করেছে। রিয়াদ জানান, ২০১৭ সালের ১৮ জুলাই ছিল তাদের বিয়ের দিন। সেই দিনটি তার জীবনের একটি পবিত্র সূচনা ছিল। তিনি বলেন, প্রায় ছয় বছরের সংসারে তার স্ত্রীই ছিলেন জীবনের সবচেয়ে বড় আশ্রয় ও শান্তি। ২০২৩ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।তিনি আরও জানান, জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ঠিকই, তবে পুরোনো স্মৃতি কখনও মুছে যাবে না।,,, তিনি সবার কাছে তার প্রয়াত স্ত্রীর জন্য দোয়া কামনা করেন।
‎ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ঘটনাটিকে ভালোবাসা, স্মৃতি ও বাস্তবতার মর্মস্পর্শী প্রকাশ হিসেবে দেখছেন। কেউ কেউ এটিকে একজন মানুষের জীবনের কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি বলেও মন্তব্য করেছেন।
মোঃ শাহরিয়া। বিশেষ প্রতিনিধি