পহেলা বৈশাখ উপলক্ষে সারাদেশের মতো শোবিজ অঙ্গনেও ছিল উৎসবমুখর পরিবেশ। নতুন বছরকে বরণ করে নিতে নানা আয়োজনে মেতেছিলেন দেশের তারকারা। পরিবার, সহকর্মী ও স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে দিনটি উদ্‌যাপন করেন তারা।

এবারের বৈশাখেও বরাবরের মতো সবচেয়ে জমজমাট আয়োজন ছিল টেলিহোমে। লাল-সাদা পোশাক, ঐতিহ্যবাহী সাজসজ্জা আর প্রাণবন্ত পরিবেশে দিনভর সেখানে মিলিত হন ছোট ও বড় পর্দার অসংখ্য তারকা। একসঙ্গে আড্ডা, ছবি তোলা এবং উৎসবের আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে তারা উপভোগ করেন বাংলা নববর্ষের প্রথম দিন।

টেলিহোমের এই আয়োজনে উপস্থিত ছিলেন দিলারা জামান, ডলি জহুর, আফজাল হোসেন, আজিজুল হাকিম, ফারুক আহমেদ, মীর সাব্বির, রিচি সোলায়মান, দীপা খন্দকার, তাহমিনা সুলতানা মৌ, আজমেরী হক বাঁধন, সুমাইয়া শিমু, মৌসুমী নাগ, ফারজানা ছবি, ফারজানা চুমকি, মিম চৌধুরী, আনিকা কবির শখ, পারসা ইভানা এবং আরশ খানসহ আরও অনেকে। তাদের মধ্যে অনেকেই পরিবার নিয়ে উপস্থিত হয়ে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলেন।

অন্যদিকে, অনেক তারকা নিজ নিজ পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে ঘরোয়া পরিবেশে বৈশাখ উদ্‌যাপন করেন। এদের মধ্যে ছিলেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, পরীমনি, চাষী আলম, ইরফান সাজ্জাদ, আঁখি আলমগীর, রবি চৌধুরী, এসডি রুবেল এবং আসিফ আকবর।

সংগীতাঙ্গনের শিল্পীরাও বসে থাকেননি। গানে গানে বর্ষবরণে ব্যস্ত সময় পার করেন তারা। এ তালিকায় ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা, নগর বাউল জেমস, কনা, ইমরান মাহমুদুল, ঐশী, কোনাল, লুইপা, ঝিলিক এবং ব্যান্ড ফিডব্যাক, উচ্চারণ ও চিরকুট।

চলচ্চিত্র অঙ্গনের তারকারাও পিছিয়ে ছিলেন না। এফডিসিতে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে হাজির হন আনোয়ারা, ওমর সানী, বাপ্পারাজ, পলি, জনা, মুক্তি, জয় চৌধুরী এবং সনি রহমানসহ অনেকে।

সব মিলিয়ে এবারের পহেলা বৈশাখ শোবিজ অঙ্গনে ছিল প্রাণবন্ত ও বর্ণিল। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে তারকারা নতুন বছরকে স্বাগত জানান উৎসবমুখর পরিবেশে।