কুমিল্লার দাউদকান্দিতে গৃহবধূ কুরসিয়া আক্তারের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে পরিকল্পিত হত্যার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন গ্রামবাসী। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার গোয়ালমারী ইউনিয়নের (দক্ষিণ) নছরুদ্দি গ্রামের প্রধান বাড়ির সামনে গ্রামবাসীরা উঠান বৈঠক শেষে মানববন্ধন করেন। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কুরসিয়া আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে। তারা বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত জরুরি। একই সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
উল্লেখ্য, গত শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাতে কুরসিয়া আক্তার (২৪) রহস্যজনকভাবে মারা যান। তিনি উপজেলার (দক্ষিণ) নছরুদ্দি গ্রামের মো. সাব্বির মিয়ার স্ত্রী এবং এক সন্তানের জননী।
নিহতের পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়ার সম্পর্ককে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন রাতেও ঝগড়ার একপর্যায়ে কুরসিয়াকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বলে প্রচার করা হয়।
ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আব্দুল হালিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।